মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সদরদপ্তর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে মগ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এ ঘটনায় দ্বিতীয়বারের মতো আঞ্চলিক কমান্ড সেন্টার হারাল জান্তা বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, এটি মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা।
গতকাল শনিবার ২১শে ডিসেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত শুক্রবার ২০শে ডিসেম্বর গভীর রাতে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাকান আর্মি জানায়, দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের পর রাখাইন রাজ্যের পশ্চিমা সামরিক কমান্ড বাহিনীর পতন হয়েছে। এতে করে বাংলাদেশের সীমান্তবর্তী এই অঞ্চলে সামরিক সদরদপ্তর এখন তাদের নিয়ন্ত্রণে।
রাখাইনের এ সংঘর্ষ চলমান থাকায় স্থানীয় জনগণের জীবনে বড় ধরনের প্রভাব পড়ছে। জাতিসংঘ গত মাসে এক সতর্ক বার্তায় জানিয়েছে, সংঘর্ষের কারণে রাখাইন রাজ্য দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। চলমান সহিংসতায় বাণিজ্য ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যা খাদ্য নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এই সদরদপ্তর হারানোর ফলে জান্তা বাহিনীর সামরিক সক্ষমতা ও কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে, সন্ত্রাসী আরাকান আর্মির সাম্প্রতিক এই সাফল্য তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে।







