গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ভোরে সন্ত্রাসী ইসরায়েলের বর্বর বিমান হামলায় আল-কুদস টুডে চ্যানেলের পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। আল-আওদা হাসপাতালে ঘটনার সরাসরি প্রতিবেদন তৈরির সময় তাদের “PRESS” চিহ্নিত সম্প্রচার ভ্যানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এই হামলায় একাধিক সাংবাদিক গুরুতর আহতও হয়েছেন।
নিহত সাংবাদিকদের পরিচয়:
১. ফাদি হাসুনা
২. ইব্রাহিম আল-শেখ আলি
৩. মোহাম্মদ আল-লাদাহ
৪. ফয়সাল আবু আল-কুমসান
৫. আইমান আল-জাদি
আল-কুদস টুডে চ্যানেলের এক কর্মকর্তা জানিয়েছেন, আইমান আল-জাদি তখন হাসপাতালের বাইরে ছিলেন, যেখানে তাঁর স্ত্রী তাঁদের প্রথম সন্তানের জন্ম দিচ্ছিলেন।
ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি ভ্যানগাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা মরদেহ উদ্ধার করেন এবং আগুন নেভান।
উল্লেখ্য, সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) জানিয়েছে, গাজায় চলমান সংঘাতে সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে। তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অন্তত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এভাবে সাংবাদিকদের সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে ইসরায়েল তাদের অপকর্মকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা।
সূত্র: আল জাজিরা







