অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই দাবানল দেশটির গ্র্যাম্পিয়ানস জাতীয় উদ্যানে ব্যাপক ক্ষতি করেছে, যা সিঙ্গাপুরের মোট আয়তনের সমান অঞ্চলকে গ্রাস করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার ২৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, দাবানলে ইতোমধ্যে মেলবোর্ন শহর থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ সম্পর্কে প্রাদেশিক নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, আমরা এমন একটি দাবানলের মুখোমুখি হয়েছি, যা সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা পুড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে, তবে পুরো অঞ্চল নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। কারণ, গ্র্যাম্পিয়ানস পার্কটি প্রায় ৩৬০ কিলোমিটার বিস্তৃত।
পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিক্টোরিয়া প্রদেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় দাবানলের কারণে কয়েক ডজন বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ডিসেম্বর থেকে গ্রীষ্ম শুরু হয়। এ সময় দাবানল প্রায় নিয়মিত দুর্যোগে পরিণত হয়। ২০১৯-২০ সালের গ্রীষ্মে দেশটি তুরস্কের মোট আয়তনের সমপরিমাণ (৭ লাখ ৮৩ হাজার ৫৬০ বর্গকিলোমিটার) এলাকা পুড়ে গিয়েছিল। ওই দাবানলে অন্তত ৩৩ জন নিহত হয়েছিলেন।
নতুন বছরের আগে পরিস্থিতি জটিল হতে পারে বলেস্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাসের সময় দাবানল নতুন মাত্রা পেতে পারে। কর্তৃপক্ষ দমকলকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।
অস্ট্রেলিয়ার এবারের দাবানল পরিস্থিতি স্মরণ করিয়ে দিচ্ছে আগের ভয়াবহ অভিজ্ঞতাগুলো। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: এএফপি







