জানুয়ারিতে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

জানুয়ারিতে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
মডেল মসজিদ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানুয়ারিতে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলা মডেল মসজিদ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

এদিন তিনি মসজিদের মাঠে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও হাফেজাদের সম্মাননা প্রদান করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। আমাদের হাফেজরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। ২০২৪ সালে এক নারীসহ ১৫ জন হাফেজ বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৩০০টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে ২০২১ সালের ৭ ডিসেম্বর, দ্বিতীয় পর্যায়ে ২০২৩ সালের ১৬ জানুয়ারি, তৃতীয় পর্যায়ে ১৬ মার্চ, চতুর্থ পর্যায়ে ১৭ এপ্রিল এবং পঞ্চম পর্যায়ে ৩০ জুলাই প্রতিটি ধাপে ৫০টি করে মসজিদ উদ্বোধন করা হয়। সর্বশেষ ৩০ অক্টোবর আরও ৫০টি মসজিদ উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পের আওতায় ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় এ ক্যাটাগরির মসজিদগুলোতে লিফট সুবিধা এবং ২,৩৬০ বর্গ মিটার ফ্লোর স্পেসসহ চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে। বি ক্যাটাগরির আওতায় ৪৭৫টি মসজিদে ১,৬৮০ বর্গ মিটার ফ্লোর স্পেস এবং সি ক্যাটাগরির আওতায় উপকূলীয় অঞ্চলে ১৬টি মসজিদে ২,০৫২ বর্গ মিটার ফ্লোর স্পেস রয়েছে।

আমাদের ফলো করুন