‘কুরআন তেলাওয়াত রেডিও’তে বিজ্ঞাপন সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মিশরের জাতীয় গণমাধ্যম কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে প্রথমবারের মতো বাণিজ্যিক বিজ্ঞাপন সম্প্রচার শুরুর পর থেকে শ্রোতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিয়ে অনেক অভিযোগ আসায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রবিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, তাদের বিজ্ঞাপন ও উপহার নীতিমালা কমিটির সুপারিশের ভিত্তিতে বিজ্ঞাপন সরিয়ে অন্য রেডিও স্টেশনে সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে।
জাতীয় গণমাধ্যম কর্তৃপক্ষের চেয়ারম্যান আহমেদ মুসলমানি উচ্চতর গণমাধ্যম কাউন্সিলের প্রধান প্রকৌশলী খালেদ আবদুল আজিজকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার পর সম্ভাব্য আয় হ্রাসের বিষয়টি মোকাবেলায় আর্থিক সহায়তা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ‘কুরআন তেলাওয়াত রেডিও’ বর্তমানে মিশর এবং বিশ্বের অন্যান্য ইসলামিক দেশে প্রায় ৬০ মিলিয়ন শ্রোতার কাছে পৌঁছে। তবে বাণিজ্যিক বিজ্ঞাপন সম্প্রচারের ফলে রেডিওটির শ্রোতা ও ধর্মীয় নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
সূত্র: আরটি অ্যারাবিক







