২০২৪ সালে ইরানকে ঘিরে আলোড়ন সৃষ্টি করা ঘটনাপ্রবাহ

২০২৪ সালে ইরানকে ঘিরে আলোড়ন সৃষ্টি করা ঘটনাপ্রবাহ
২০২৪ সালে ইরানকে ঘিরে আলোড়ন সৃষ্টি করা ঘটনাপ্রবাহ। ছবি: আরাবি একুশ

২০২৪ সাল ছিল ইরানের জন্য একটি চ্যালেঞ্জিং ও ঘটনাবহুল বছর। অভ্যন্তরীণ সংকট থেকে শুরু করে আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক সংঘাত—সব মিলিয়ে বছরটি ইরানকে বারবার আন্তর্জাতিক সংবাদ শিরোনামে এনেছে। নিচে ইরানকে কেন্দ্র করে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর বিবরণ দেওয়া হলো।

কারমানে ভয়াবহ বিস্ফোরণ

বছরের শুরুতেই, ৩রা জানুয়ারি, ইরানের কারমান শহরে দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ হারান ৮৪ জন, আহত হন আরও ২৮৪ জন। দুটি ব্যাগে রাখা বোমা দূরনিয়ন্ত্রিত ডিভাইসের মাধ্যমে বিস্ফোরিত হয়। প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে জনতার ভিড়ের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণে ভয়াবহ প্রাণহানি ঘটে। এই হামলা কাসেম সোলাইমানির হত্যার বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঘটে। ইরান সরকার একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।

ইরানের প্রতিশোধ: ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ

সিরিয়ার দামেশকে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইরান এক জোরালো আক্রমণ চালায়। ১৫০টিরও বেশি রকেট ও ড্রোন ব্যবহার করে ফিলিস্তিনের দখলকৃত এলাকায় হামলা করা হয়। ‘ওয়াদ সাদিক’ নামক এই অভিযানে ইরানকে সহযোগিতা করে ইরাকের প্রতিরোধ বাহিনী, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তিন দশকের মধ্যে এটি ইসরায়েলের বিরুদ্ধে কোনো আঞ্চলিক রাষ্ট্রের প্রথম প্রত্যক্ষ আক্রমণ।

ইসফাহানে ইসরায়েলি হামলা

১৭ই এপ্রিল ইরানের ইসফাহান শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। ইরানি গণমাধ্যম এই হামলাকে গুরুতর দাবি না করে জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে হামলা প্রতিহত করেছে।

রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যু

১৯শে মে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি আজারবাইজান সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এ দুর্ঘটনায় তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারান।

নতুন নেতৃত্বে ইরান

রাইসির মৃত্যুর পর আগাম নির্বাচনে সংস্কারপন্থী প্রার্থী মাসউদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। দুই ধাপের নির্বাচনে তিনি ৪৯.৮ শতাংশ ভোটে বিজয় নিশ্চিত করেন।

ইসমাইল হানিয়ার শাহাদাত

৩১শে জুলাই তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। তিনি নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে ছিলেন।

‘ওয়াদ সাদিক-২’ অভিযান

১লা অক্টোবর ইরান ‘ওয়াদ সাদিক-২’ নামে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের ক্ষেপণাস্ত্র অভিযান চালায়। ২৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক মিসাইল ব্যবহার করে মাত্র ১৫ মিনিটে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে হামলা চালানো হয়।

ইসরায়েলের পাল্টা আক্রমণ

২৬শে অক্টোবর ইসরায়েল ১০০টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের সামরিক স্থাপনা ও অস্ত্র কারখানায় হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশ। ইরান জানায়, তারা এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।

২০২৪ সালে ইরানের আন্তর্জাতিক অবস্থান

বছরজুড়ে এসব ঘটনাগুলো ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং আঞ্চলিক কৌশলগত অবস্থানকে গভীরভাবে প্রভাবিত করেছে।

আমাদের ফলো করুন