জানুয়ারির শেষে চালু হচ্ছে যমুনা রেলসেতু

জানুয়ারির শেষে চালু হচ্ছে যমুনা রেলসেতু
জানুয়ারির শেষে চালু হচ্ছে যমুনা রেলসেতু। ছবি: সংগৃহীত

যমুনা নদীর ওপর দেশের প্রথম ডাবল লাইন ডুয়েল গেজ রেলওয়ে সেতু ২০২৫ সালের জানুয়ারির শেষ নাগাদ চালু হতে যাচ্ছে। প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানিয়েছেন, সেতুর নির্মাণকাজ প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে।

সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিম রেলস্টেশন পর্যন্ত মোট দূরত্ব ১৩ কিলোমিটার। ডাবল লাইন সেতুটি পরীক্ষামূলকভাবে সফলভাবে পরিচালনা শেষে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

১৬ হাজার ৭৮১ কোটি টাকার এই প্রকল্পের অর্থায়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রায় ১২ হাজার কোটি টাকা দিয়েছে, বাকিটা এসেছে বাংলাদেশ সরকারের তহবিল থেকে। ২০১৬ সালে পরিকল্পনা গ্রহণ করা হলেও প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০২০ সালের আগস্টে।

এই রেলসেতু বাংলাদেশের জিডিপি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন সেতুটি প্রতিদিন ৮৮টি ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি করবে, যা পূর্ববর্তী যমুনা সেতুর তুলনায় চারগুণ বেশি। এটি রাজধানী ও দেশের পশ্চিমাঞ্চলের মধ্যে রেলযোগাযোগ আরও উন্নত করবে এবং ট্রেনের সময়সূচি ঠিক রাখতে সহায়তা করবে।

বিশেষজ্ঞরা বলছেন, সেতুটি দেশের পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

আমাদের ফলো করুন