১৪ দিন পর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

১৪ দিন পর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু
১৪ দিন পর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ দিনের বিরতির পর পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল সোমবার ৩০শে ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় এই ইউনিটের উৎপাদন পুনরায় চালু করা হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রটির সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো।

কেন্দ্র সূত্রে জানা গেছে, পটুয়াখালীতে নির্মাণাধীন নতুন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইনের কাজের জন্য গত ১৭ ডিসেম্বর পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ করা হয়েছিল। এই কাজের জন্য নির্ধারিত সময় ছিল সাত দিন। তবে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সময় লেগে যায় ১৪ দিন।

এ বিষয়ে পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা জানান, দ্বিতীয় ইউনিটের উৎপাদন আগে থেকেই রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল। নতুন কেন্দ্রের কাজ সম্পন্ন হওয়ায় জানুয়ারির শুরুতেই সেটি পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেছেন, সুইচিং পয়েন্ট নির্মাণসহ সব প্রস্তুতি শেষ হয়েছে। নির্ধারিত সময়ে নতুন কেন্দ্রটি চালু হবে বলে আশাবাদী।

উল্লেখ্য, প্রথম ইউনিট চালু হলেও দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ এখনো চলমান।

আমাদের ফলো করুন