গাজার বিভিন্ন উদ্বাস্তু শিবিরে তীব্র শৈত্যপ্রবাহ ও বৃষ্টিতে পানি ঢুকে মানবিক সংকট আরও গভীর হয়েছে। দীর্ঘ ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি হারিয়ে তাবুতে বসবাস করা মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ফিলিস্তিনি আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, গত রবিবার রাতে শুরু হওয়া নিম্নচাপের ফলে গাজার আকাশে ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঠাণ্ডা বাতাস বইছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।
রাতভর ঠাণ্ডা বাতাস ও বৃষ্টিতে উদ্বাস্তু মানুষ তাবুগুলো রক্ষার প্রাণপণ চেষ্টা করেন। তবে শীতের কামড়ে এরই মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। শৈত্যপ্রবাহে শিশুদের শ্বাসকষ্ট ও দেহ কাঁপতে দেখা গেছে।
খোলা মাঠ ও ফাঁকা জায়গায় স্থাপন করা তাবুগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে উদ্বাস্তুদের ঠাঁই নেই। প্রয়োজনীয় খাবার, কম্বল ও গরম পোশাকের অভাব তাদের সংকট আরও বাড়িয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না এই শিবিরগুলোও। বারবার হামলার শিকার হয়ে শতাধিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মানবিক সহায়তার অভাবে গাজার মানুষের দুর্ভোগ লাঘবের কোনো পথ দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের দাবি এখন তীব্রতর।
সূত্র: আনাদোলু এজেন্সি







