জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করেছেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার ২রা জানুয়ারি বিচারক সাইফুল ইসলাম দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এর আগে ৩রা জানুয়ারি চিন্ময়ের জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে সেদিন আসামি পক্ষের কোন আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে আজ ২রা জানুয়ারি দিন ধার্য করা হয়।
অন্যদিকে চিন্ময়ের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে চিকিৎসাধীন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সুস্থ থাকলে শিগগিরই বাংলাদেশে ফিরে চিন্ময়ের পক্ষে আদালতে উপস্থিত হবেন। তবে তার সঠিক ফেরার সময় নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত মাসে গ্রেপ্তার করা হয়। আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আগামী শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।







