পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফরে আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। স্বৈরশাসক হাসিনার সরকারের পতনের পর ঢাকা–ইসলামাবাদ সম্পর্কের নতুন যাত্রা শুরু হয়েছে। এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে জরুরি ভিত্তিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের এ নতুন যাত্রা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দেশের পরিবির্তিত পরিস্থিতির কারণে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন পরিবর্তন এসেছে। এতে করে পাকিস্তারের সঙ্গে নানা বিষয়ে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে নতুন করে পুনর্বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। বাণিজ্য, যোগোযোগ ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের মধ্যে নতুন করে একটি আস্থার সম্পর্ক গড়ে তোলার জন্য দুই দেশই এখন একমত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কূটনীতিক জানিয়েছেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হচ্ছে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক নিবিড় করার প্রয়াসে পাকিস্তানের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এ মাসে ঢাকায় আসছে।
তিনি জানান, এ বছরের জুনে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ ভবন উদ্বোধনকে ঘিরে ড. ইউনূসকে ইসলামাবাদ নেওয়া যায় কি না- এমন বিষয়টি পাকিস্তানের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে।







