গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় গত ৭২ ঘণ্টায় ১৮৪ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এর মধ্যে গত শনিবার একদিনেই প্রাণ হারিয়েছেন ৬৬ জন। এদিকে উত্তর গাজার ইন্দোনেশীয় হাসপাতাল তাদের সেবা কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
গতকাল শনিবার গাজার আবু ইস্কান্দার এলাকায় তিনটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ অনেক মানুষ আহত হন। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে সিভিল ডিফেন্স। আহতদের অনেককে গুরুতর অবস্থায় আলমাআ মাদানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাফাহ এলাকার পাশাপাশি সুলতান মসজিদের আশপাশেও বিমান হামলা চালানো হয়। এতে অনেকেই আহত হন। পাশাপাশি মধ্য গাজার ব্রেজ শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলায় ৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহীনির এ সমস্ত বর্বরোচিত হামলায় ইন্দোনেশীয় হাসপাতাল পুরোপুরি অচল হয়ে পড়েছে। কামাল আদওয়ান হাসপাতাল আগেই সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার হাসপাতালগুলোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
রেড ক্রস জানিয়েছে, গাজার উদ্ধারকর্মীরা সরঞ্জাম, জ্বালানি ও যানবাহনের অভাবে চরম সংকটে রয়েছেন। ধ্বংসস্তুপ থেকে মানুষ উদ্ধার করতে তাদের প্রাথমিক সরঞ্জামের ওপরই নির্ভর করতে হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা







