ভারতের ভূপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। আজ রবিবার ৫ জানুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিমকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভুপালের জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ৫০ কর্মকর্তাকে অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, জেলা পর্যায়ের যুগ্ম জজ, অতিরিক্ত জেলা পর্যায়ের দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংযোগ এতে করতে হবে না।







