হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জহুর আলি (৬০) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি কাজ করছে এবং লাশ উদ্ধারের প্রচেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুর আলি ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। কয়েক দিন আগে তিনি গ্রামের বাড়িতে ফেরেন। বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারকে জানান, কিছু লুঙ্গি বিক্রি করে বাড়ি ফিরবেন। কিন্তু তিনি আর ফেরেননি।
ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন, নিহত ব্যক্তির লাশ বিএসএফ নিয়ে গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







