গাজা যুদ্ধে ইসরায়েলের খরচ প্রায় ৬৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে!

গাজা যুদ্ধে ইসরায়েলের খরচ প্রায় ৬৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে!
গাজা যুদ্ধে ইসরায়েলের খরচ প্রায় ৬৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে! ছবি: আনাদোলু এজেন্সি

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের খরচ ২০২৪ সালের শেষ নাগাদ ২৫০ বিলিয়ন শেকেল (৬৭.৫৭ বিলিয়ন ডলার) ছাড়িয়েছে। ইসরায়েলের অর্থনীতি বিষয়ক পত্রিকা ক্যালকালিস্ট এই তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার প্রকাশিত উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল খরচের তালিকায় রয়েছে সামরিক-বেসামরিক খাতে ব্যয় এবং রাজস্বের ক্ষতির হিসাব। তবে এই হিসাব সম্পূর্ণ নয় বলে জানিয়েছে পত্রিকাটি।

পত্রিকাটিতে গাজার যুদ্ধকে ইসরায়েলের জন্য বড় পরাজয় বলে উল্লেখ করা হয়েছে । এতে বলা হয়েছে, এই ব্যর্থতা সামনের দশকে প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বাজেট বাড়ানোর দাবি তুলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ভবিষ্যতে আরও যুদ্ধবিমান, হেলিকপ্টার, সাঁজোয়া যান এবং বিপুল অস্ত্রশস্ত্র কেনার পাশাপাশি সেনাদের উন্নয়নে অর্থ ব্যয় করতে হবে।

যুদ্ধের কারণে শুধু অর্থনৈতিক ক্ষতিই হয়নি। অনেক সেনা নিহত ও আহত হয়েছেন। তাদের পরিবারও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের নাগেল কমিটি জানিয়েছে, আগামী ১০ বছরে প্রতিরক্ষা খাতে ২৭৫ বিলিয়ন শেকেল (৭৪ বিলিয়ন ডলার) বাড়ানো হবে। প্রতিবছর প্রায় ২৭.৫ বিলিয়ন শেকেল (৭ বিলিয়ন ডলার) বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গ্যাসক্ষেত্র থেকে অর্জিত অর্থ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যবহারের পরিকল্পনা থাকলেও, তা প্রতিরক্ষা খাতে ব্যয় করা হতে পারে।

ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থায় আরও উন্নয়ন আনা হবে। এই উন্নয়নে আয়রন ডোম, ডেভিড’স স্লিং এবং লেজার প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রযুক্তিগুলো আরও শক্তিশালী করা হবে।

এছাড়া জর্ডান উপত্যকায় সুরক্ষিত দেয়াল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এতে জর্ডানের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন বাড়তে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১ লাখ ৫৫ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ১১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ।

গাজার ধ্বংসযজ্ঞের ফলে খাদ্য ও চিকিৎসার অভাবে বহু শিশু ও বৃদ্ধ মারা যাচ্ছেন। ক্যালকালিস্ট পত্রিকায় এই যুদ্ধকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আমাদের ফলো করুন