দখলদার ইসরায়েলের গৃহায়ন ও নির্মাণমন্ত্রী ইৎজহাক গোল্ডকনোফ পশ্চিম তীরে এক মিলিয়ন ইহুদিকে বসতি স্থাপনের আহ্বান জানিয়েছে। গতকাল রোববার ১২ জানুয়ারি ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীর সফরকালে এই মন্তব্য করেন তিনি। ইসরায়েলের ইহুদিদের ধর্মীয় একটি সংবাদমাধ্যম ‘বেখাদরি চারিডিম’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গোল্ডকনোফ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেন, ‘বর্তমান পরিস্থিতি কাজে লাগিয়ে পশ্চিম তীরে বসতি স্থাপন আরও বাড়ানো উচিত। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।’
গোল্ডকনোফের এই মন্তব্যের পর ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বহু বছর ধরে জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনকে অবৈধ বলে আসছে। তবে এসব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরায়েল তাদের বসতি সম্প্রসারণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে প্যালেস্টাইনি ‘ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেসিস্ট্যান্স অথরিটি’ জানিয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ পশ্চিম তীরে ৭ লাখ ৭০ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপন করেছে। তারা ১৮০টি বৈধ এবং ২৫৬টি অবৈধ বসতি থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
ইসরায়েল শুধু বসতি সম্প্রসারণে থেমে নেই, ফিলিস্তিনিদের ওপর সহিংসতাও চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে শহিদ হয়েছেন এক লাখ ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি।
পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের আক্রমণে এ পর্যন্ত ৮৪৭ জন ফিলিস্তিনি শহিদ এবং প্রায় ৬ হাজার ৭০০ জন আহত হয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই নীতি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথকে আরও সংকুচিত করে তুলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







