রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় কুরস্ক ফ্রন্টে গত ২৪ ঘণ্টায় ৩৫০ জনেরও বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। পাশাপাশি একটি ট্যাংক, ৪টি পদাতিক যুদ্ধযান, ৫টি সাঁজোয়া যান এবং ১২টি সামরিক গাড়ি ধ্বংস করা হয়েছে।
গতকাল রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর ফ্রন্টের ইউনিটগুলো কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী ১১টি শহর ও গ্রামে ইউক্রেনীয় বাহিনীর ৭টি ব্রিগেডকে গুরুতর ক্ষতি করেছে। একই সাথে পাঁচটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, রুশ বিমানবাহিনী ও আর্টিলারির হামলায় কুরস্ক সীমান্তের ১২টি বসতিতে এবং প্রতিবেশী সুমি অঞ্চলের সাতটি এলাকায় ইউক্রেনীয় সেনা ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
রাশিয়া দাবি করেছে, কুরস্ক ফ্রন্টে সংঘর্ষ শুরুর পর থেকে ইউক্রেনীয় বাহিনী এখন পর্যন্ত ৫১ হাজার ২০০ জনের বেশি সৈন্য, ২৯৭টি ট্যাংক, ২২৮টি পদাতিক যুদ্ধযান, ১৬৬টি সাঁজোয়া যান এবং ১ হাজার ৫৩৩টি সামরিক যান হারিয়েছে।
সূত্র: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়







