উত্তর গাজার বেইত হানুনে সংঘর্ষে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে। এ ঘটনায় আরও ৮ জন সেনা গুরুতর আহত হয়েছে। গত সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দখলদার সেনাবাহিনী জানায়, নিহতদের মধ্যে নাহাল ব্রিগেডের একজন কমান্ডার ‘ইয়ার ইয়াকুব শোশান’ (২৩) রয়েছেন। তিনি ইসরায়েলের উত্তরাঞ্চলের মাআলোত তারশিহা বসতির বাসিন্দা ছিলেন। সংঘর্ষে নিহত বাকি ৪ সেনার পরিচয়ও প্রকাশ করেছে সেনাবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষে আহত ৮ সেনাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
বেইত হানুনে সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ অহরনোত জানায়, বেইত হানুনে একটি বাড়ি বিস্ফোরণের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
গত এক সপ্তাহে শুধু বেইত হানুনেই ইসরায়েলি সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ৭।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪০ জনে। এর মধ্যে ৪০৫ জন নিহত হয়েছেন ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে।
এদিকে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় উত্তর গাজায় সংঘর্ষে তারা ১০ ইসরায়েলি সেনা হত্যা করেছে এবং আরও অনেককে আহত করেছে।
সংঘর্ষের মধ্যে বন্দি বিনিময় ও অস্ত্রবিরতির একটি চুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। কাতারের মধ্যস্থতায় পরোক্ষভাবে দুই পক্ষের মধ্যে আলোচনা জোরদার হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







