ইসরায়েলের ৭৩ শতাংশ নাগরিক হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিকে সমর্থন জানিয়েছে। এই চুক্তি আন্তর্জাতিক মধ্যস্থতায় গাজা উপত্যকায় সংঘর্ষ বন্ধে গৃহীত হয়েছে।
ইসরায়েলি দৈনিক মারিভ এবং লাজার রিসার্চ সেন্টার পরিচালিত এক জনমত জরিপের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে এই জরিপের ফলাফল প্রকাশিত হয়।
এর আগে, শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় যুদ্ধবিরতি চুক্তি রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (গ্রিনিচ সময় ৬টা ৩০ মিনিট) কার্যকর হবে।
জরিপে দেখা গেছে, ইসরায়েলের ৪৫ শতাংশ নাগরিক চুক্তিটিকে দৃঢ়ভাবে সমর্থন করে। আর ২৮ শতাংশ কিছুটা সমর্থন জানায়। অর্থাৎ মোট ৭৩ শতাংশ ইসরায়েলি নাগরিক এই চুক্তির পক্ষে। অপরদিকে, ১৯ শতাংশ এই চুক্তির বিরোধিতা করেছে এবং ৮ শতাংশ কোনো মতামত দেয়নি।
জরিপে আরও জানা যায়, ইসরায়েলের বিরোধী দলের ৯১ শতাংশ সমর্থক এই চুক্তিকে সমর্থন করছে। পাশাপাশি ক্ষমতাসীন ডানপন্থী জোটের ৫২ শতাংশ সমর্থকও চুক্তির পক্ষে। তবে, এই দলের ৩৭ শতাংশ চুক্তির বিরোধিতা করেছে।
জরিপটি গত ১৫ ও ১৬ জানুয়ারি পরিচালিত হয়। এতে ১৮ বছর বা তার বেশি বয়সী ৫০৯ জন ইসরায়েলি নাগরিক অংশগ্রহণ করে। এদের মধ্যে ছিল ইহুদি ও আরব নাগরিক। জরিপের ফলাফলে সর্বোচ্চ ৪.৪ শতাংশ ত্রুটির সম্ভাবনা থাকতে পারে
√শনিবার ভোরে ইসরায়েলি মন্ত্রিসভা দীর্ঘ ৮ ঘণ্টার আলোচনার পর চুক্তিটি অনুমোদন দেয়। মন্ত্রিসভার ২৪ জন সদস্য চুক্তির পক্ষে ভোট দেয়, আর ৮ জন সদস্য বিরোধিতা করে।
চুক্তির বিরোধিতাকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, এবং অন্যান্য ডানপন্থী মন্ত্রীরা।
সূত্র: আনাদোলু এজেন্সি







