রোহিঙ্গা মুসলিমদের বিপন্ন অবস্থা: হিউম্যান রাইটস ওয়াচের সতর্কবার্তা

বুথিডাউংয়ে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করছে সন্ত্রাসী আরাকান আর্মি
বুথিডাউংয়ে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করছে সন্ত্রাসী আরাকান আর্মি। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান দমন-পীড়ন এবং নিপীড়নের বিষয়ে নতুন করে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করেছে, মিয়ানমার জান্তা বাহিনী এবং সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যেসব নৃশংসতা চালিয়েছে, তা ২০১৭ সালের ভয়াবহ গণহত্যার পুনরাবৃত্তি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিয়ানমার জান্তা বাহিনী এবং সন্ত্রাসী আরাকান আর্মি উভয়ই রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, বাড়িঘর অগ্নিসংযোগসহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে। এই সংঘাতের কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গা নিরাপত্তার জন্য প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।’

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, মিয়ানমারের জান্তা বাহিনী দেশজুড়ে তথাকথিত ‘ঝলসে দেওয়া পৃথিবী’ কৌশল অনুসরণ করছে। এর অংশ হিসেবে তারা নির্বিচারে বিমান হামলা, ধর্ষণ, হত্যা এবং বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ চালাচ্ছে। এসব অপরাধ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত।

প্রতিবেদনে আরও বলা হয়, জান্তা বাহিনী মানবিক সাহায্য এবং যোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া রোহিঙ্গা যুবক ও শিশুদের অপহরণ করে সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করছে। তাদের মানবঢাল হিসেবেও ব্যবহার করা হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘জাতিসংঘের উচিত মিয়ানমারের ওপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা। একইসঙ্গে সামরিক নেতৃত্ব এবং এর মালিকানাধীন কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’

রোহিঙ্গা মুসলিমদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া এখন অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকগণ।

আমাদের ফলো করুন