ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানার এলটিপি অংশে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে, এতে ১৪ জন শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকর্মীরা তিনজনকে জীবিত বের করতে সক্ষম হয়েছেন।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, কারখানা থেকে ঘন ধোঁয়া উঠছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম চলছে এবং প্রয়োজনে চিকিৎসক দল প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।







