গাজায় যুদ্ধবিরতির সপ্তম দিনে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপের অংশ হিসেবে চারজন ইসরায়েলি নারী সৈন্যকে মুক্তি দিয়েছে।
মুক্তি পাওয়া নারী সৈন্যদের গাজার ফিলিস্তিন স্কয়ারে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে কাসাম ব্রিগেডের সদস্যরা বন্দি বিনিময়ের প্রক্রিয়া তদারকি করছে। ফলে পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, নেগেভের কেটসাউট কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে মুক্তি পাওয়া ইসরায়েলি নারী সৈন্যদের পরিবারের সদস্যরা রাইম সীমান্তে উপস্থিত হয়ে তাদের গ্রহণের অপেক্ষায় আছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, আজ শনিবার ২০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেতে যাচ্ছেন। মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা এই বন্দিদের মধ্যে ১২১ জন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৭৯ জন দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ছিলেন।
এদিকে যুদ্ধবিরতির অগ্রগতি সত্ত্বেও পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব অব্যাহত রয়েছে। পঞ্চম দিনের মতো সেখানে ইসরায়েলি সেনাদের হামলার ঘটনা চলছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে।
এই বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ সফল হলে যুদ্ধবিরতির শর্ত আরও দৃঢ় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলের চলমান দখলদারিত্ব ও হামলার কারণে পরিস্থিতি এখনও অস্থিতিশীল।
সূত্র: আল জাজিরা







