আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা-২০২৫। আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে দুই ধাপে—২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। এতে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৩ দফা নির্দেশনা দিয়েছে।
ডিএমপির বিশেষ নির্দেশনা:
১. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক ও ভারী যানবাহন আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।
২. নবীনগর, বাইপাইল ও আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন কামারপাড়া/আব্দুল্লাহপুর ক্রসিং এড়িয়ে সাভার-গাবতলী বা মিরপুর বেড়িবাঁধ ব্যবহার করবে।
৩. এয়ারপোর্ট রোড দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভার হয়ে প্রগতি সরণি বা নিকুঞ্জ-১ গেট দিয়ে ইউটার্ন করবে।
৪. ৩০০ ফিট দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভার লুপ-২ এবং লুপ-৪ ব্যবহার করবে। বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
৫. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/এয়ারপোর্টগামী এক্সিট এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
৬. বিমানযাত্রী, আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহন বিমানবন্দর সড়ক পরিহার করবে। বিকল্প হিসেবে মহাখালী-বিজয় সরণি-মিরপুর-গাবতলী সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
৭. পায়ে হেঁটে গোমা ইজতেমাস্থলে যাওয়ার জন্য মুসল্লিদের তুরাগ নদীর পল্টুন ব্রিজ বা কামারপাড়া ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে।
৮. বিদেশগামী যাত্রীদের জন্য পদ্মা ইউলুপ, কুড়াতলী লুপ-২ এবং নিকুঞ্জ-১ গেটে ডিএমপির বিশেষ পরিবহন সেবা দেওয়া হবে।
৯. মুসল্লিবাহী যানবাহনের চালক ও যাত্রীদের মোবাইল নম্বর বিনিময় এবং চালকের নাম গাড়িতে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
১০. আব্দুল্লাহপুর বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সব যানবাহন চালকদের আজমপুর থেকে ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে।
১১. ফ্লাইওভার দিয়ে হেঁটে পারাপার না হতে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
১২. ধউর ব্রিজ থেকে আব্দুল্লাপুর পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
১৩. নির্ধারিত পার্কিং এলাকাগুলোতে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে।
গাড়ি পার্কিংয়ের নির্দেশনা:
১. ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যানবাহন: উত্তরা ১৫ নং সেক্টর, কদমতলী মার্কেট এবং ৫ ও ১৭ নং ব্রিজ সংলগ্ন মাঠ।
২. সিলেট ও খুলনা বিভাগের যানবাহন: উত্তরা লেকপাড় মাঠ।
৩. রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের যানবাহন: ১০ ও ১১ নং ব্রিজের পাশের মাঠ।
৪. বরিশাল বিভাগের যানবাহন: ধউর ব্রিজ সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।
ডাইভারশন পয়েন্ট:
ডাইভারশন পয়েন্ট হিসেবে ধউর ব্রিজ, পঞ্চবটা ক্রসিং, পদ্মা ইউলুপ, কুড়াতলী ফ্লাইওভারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে।
ডিএমপি মুসল্লিদের সহযোগিতার অনুরোধ জানিয়ে বলেছে, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে নির্দেশনাগুলো যথাযথভাবে মানতে হবে।
সূত্র: ডিএমপি প্রেস বিজ্ঞপ্তি।







