সীমান্তসহ কোনো বিষয়েই ভারতকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।
আজ বুধবার ২৯ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সামনে রেখে এই বক্তব্য দেন তিনি।
বিজিবি প্রধান বলেন, ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে কাজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। কূটনৈতিকভাবে এসব বিষয় সমাধান করা হবে। তবে সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা বলেও জানান তিনি।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু ছাড় দিয়ে সম্পর্কের আস্থা বাড়ানো সম্ভব নয়, বরং আলোচনার মাধ্যমেও তা অর্জন করা যায়।
উল্লেখ্য, আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।







